দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধস, ৮৪ রানেই হারাল ৯ উইকেট

জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় দিন লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্ডোর তোপে গুটিয়ে যায় তারা।

১ উইকেট হারিয়ে ২১৮ রান করা দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ৩০২ রানেই অলআউট হয়ে গেছে। শেষ ৮৪ রান তুলতে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ৯ উইকেট। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৫৭ রানে গুটিয়ে যাওয়ায় ১৪৫ রানের বড় লিড পেয়েছে প্রোটিয়ারা।

প্রথম দিন ১ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনে মাঠে নেমে দারুণ এক সেঞ্চুরি হাঁকান ডিন এলগার। রসি ভ্যান ডার ডাসেনের সঙ্গে দলকে এগিয়ে নিতে থাকেন তিনি।

কিন্তু ব্যক্তিগত ১২৭ রানে দুশমন্থ চামিরার শিকার হয়ে এলগার ফিরলে তাদের জুটিটি ভাঙে। ১৮৪ রানের জুটি গড়েন তারা। এলগারের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়া ইনিংস। পরের ওভারেই ৬৭ রান করে ফিরেন ডাসেন।

এরপর আর কেউ বড় অঙ্ক স্পর্শ করতে পারেনি। শেষ পর্যন্ত ৭৫.৪ ওভারে ৩০২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার হয়ে ৫ উইকেট শিকার করেছেন বিশ্ব ফার্নান্ডো। এছাড়াও আসিথা ফার্নান্ডো ও দাসুন শানাকা ২টি করে উইকেট নিয়েছেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর