প্রতিষ্ঠাবার্ষিকীর কেক খাওয়া নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৮

পাবনায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক নিয়ে জেলার নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে পাবনা শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঘটা এই ঘটনায় আহত হয়েছেন ৮ জন।

এ বিষয়ে পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেক কেটে চলে যাওয়ার পর সুষ্ঠুভাবেই নেতাকর্মীদের মাঝে সেটা বিতরণ করছিলেন ছাত্রলীগের এক নেতা। পেছন থেকে তখন কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক হামলে কেক নেওয়ার চেষ্টা করার বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তখন নেতাকর্মীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হলেও তারা বাইরে গিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়।

পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন ছাত্রলীগ নেতা জানান, কেক বিতরণের সময় জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করা ফিরোজ আলীর কয়েজন সমর্থক জোর করে কেক নিয়ে যাওয়া চেষ্টা করেন। এসময় অন্যরা বাঁধা দেওয়ায় হাতাহাতি শুরু হয়। সেখানে থাকা নেতৃবৃন্দ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করে দেওয়ার পর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওমর ফারুক সৈকতের নেতৃত্বে ফিরোজ আলী গ্রুপের কর্মীরা অস্ত্রশস্ত্র হাতে জেলা ছাত্রলীগের সেক্রেটারি তাজুল ইসলামের সমর্থকদের উপর হামলা চালায়।

তারা আরও জানায়, হামলার পরে দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শহরের আব্দুল হামিদ সড়কে ঘটা এই ধাওয়া পাল্টা ধাওয়ায় সারা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এসময় ৮ জন ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন।

তবে ঘটনাটিকে তুচ্ছ বলে অভিহিত করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক তাজুল ইসলাম জানান, কেক খাওয়া নিয়ে হালকা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা তা নিয়ন্ত্রণ করেছি। তেমন বড় কিছু হয়নি।

অস্ত্র নিয়ে হামলায় অভিযুক্ত সহ-সভাপতি ওমর ফারুক সৈকত বলেন, সিনিয়র-জুনিয়রদের মাঝে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আর কিছুই না। অস্ত্র নিয়ে বের হওয়ার প্রশ্নই আসেনা।

জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী জানান, এটা সিনিয়র জুনিয়রদের মাঝে সামান্য একটা ভুল বোঝাবুঝির ঘটনা। তেমন কিছু নয়। বিষয়টা সমাধান হয়েছে।

পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ বলেন, কেকে খাওয়াকে কেন্দ্র করে যে ঝামেলা সৃষ্টি হয়েছিল তার সমাধান হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর