ছাত্রলীগের ইতিহাস জানলে বাঙ্গালীর ইতিহাস জানা হবে বলে জানালেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে সাভার উপজেলা মিলনায়তনে সাভার থানা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।
এসময় মঞ্জুরুল আলম রাজীব বলেন, এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভূখন্ডের মানুষের তথা বাঙ্গালীদের মুক্তির লক্ষ্যে সর্বপ্রথম যে চিন্তাটি করেছিলেন তা হচ্ছে একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। একারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের আগেই ছাত্রলীগের প্রতিষ্ঠা করেছিলেন।
পৃথিবীতে একটি ছাত্র সংগঠন আছে, যে সংগঠন ঐতিহ্য, গৌরব, আন্দোলনের ইতিহাস পৃথিবীর আর কোনো ছাত্র সংগঠনের নেই। এজন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যথার্থই বলেছিলেন, ছাত্রলীগের ইতিহাস বাঙ্গালীর ইতিহাস। কথাটি ছোট্ট কিন্তু এর গভীরে গেলে আমরা সকলেই বুঝতে পারবো কথাটি দিয়ে পিতা মুজিব কী বুঝাতে চেয়েছিলেন। যদি বাঙ্গালীর ইতিহাস জানতে হয় তবে তোমরা ছাত্রলীগের ইতিহাস জানো। একটা বহমান নদী যেমন তার বাঁকে বাঁকে বিভিন্ন স্মৃতি রেখে যায়, ছাত্রলীগ হচ্ছে সেরকম একটি সংগঠন।
মঞ্জুরুল আলম রাজীব আরও বলেন, আজকের এই ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য আমি সাভার থানা ছাত্রলীগকে সাভার উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এর আগে, সাভার থানা ছাত্রলীগের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা কমপ্লেক্সের সামনে বেলুন উড়িয়ে এবং কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক সহ সাভার থানা ছাত্রলীগের সকল নেতাকর্মীবৃন্দ। এছাড়া অন্যান্যের ভিতর আরও উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা মাজহারুল ইসলাম, সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রওশন আলী, সাভার পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মহসিন বাবু প্রমুখ।
বার্তাবাজার/পি