ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে দলে জায়গা হয়নি মাশরাফি বিন মর্তুজার। মাশরাফিকে দলে না রাখার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মূলত ২০২৩ বিশ্বকাপ মাথায় রেখে দল গোছানোর কারণেই বাদ পড়েছেন মাশরাফি।
এ প্রসঙ্গে নান্নু বলেন, আমার যতটুকু বলার ওকে (মাশরাফি) বলে দিয়েছি। ওর সাথে আমার আলোচনা হয়েছে। ওর সাথে কি কথা হয়েছে তা আপনাদের বলতে পারবো না। যা আলোচনা হয়েছে খুব ভালো কথা হয়েছে।
তিনি বলেন, টিম ম্যানেজমেন্ট আমাদের পরিকল্পনা দিয়েছে। আমরা সেই পরিকল্পনা নিয়ে অনেক আলোচনা করে এরপর একটি সিদ্ধান্তের মধ্যে এসেছি। দেশের কথা, আগামীর কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তরুণদের তো সুযোগ দিতে হবে।
প্রধান নির্বাচক বলেন, ও খেলা চালিয়ে যাবে। ঘরোয়া ক্রিকেট আছে। তার পারফরম্যান্স কেমন হবে সেটা তো আমরা বলতে পারি না। ওর প্রতি আমাদের সম্মান রয়েছে। ও দেশের জন্য অনেক কিছু করেছে। দেশকে অনেক কিছু দিয়েছে।
নান্নু আরও বলেন, আমাদের জন্য এটা কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমাদের বাস্তবতা মেনে সামনে এগিয়ে যেতে হবে। ওর জায়গায় যে খেলবে তার জন্য এটা অনেক বড় একটা সুযোগ। আমাদের একজন খেলোয়াড়কে গড়ে তুলতে হবে।
বার্তাবাজার/এস.জি