ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের ভৈরবে রোববার(৩ জানুয়ারি) ২টি চলন্ত বাসে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এ আগুন লাগার কারণ জানেনা বাসের যাত্রী ও ফায়ার সার্ভিস।
কিশোরগঞ্জ: রোববার(৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে অনন্যা সুপার পরিবহনের যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন লেগে যায়।
জানা গেছে, অনন্যা সুপার পরিবহনের বাসটি ঢাকা থেকে ভৈরবে এসে কয়েকজন যাত্রী নামিয়ে দেয়। পরে কিশোরগঞ্জের দিকে যাওয়ার পথে স্থানীয়রা বাসের পেছনে আগুন দেখে চিৎকার করেন। তারপর চালক বাসটি থামালে বাসের ভেতরে থাকা যাত্রীরা তাড়াতাড়ি নেমে যান। আর ততক্ষনে পুরো আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন লাগার কারণ যানা যায় নি।
ব্রাহ্মণবাড়িয়া: তিশা পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাতে কুমিল্লা- সিলেট মহাসড়কে সদর উপজেলার বেতবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে চারজন যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় মহাসড়কে প্রায় ৪০ মিনিটি যান চলাচল বন্ধ ছিল।
সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ মোহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারনে ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথিমধ্যে বিশ্বরোড মোড় অতিক্রম হওয়ার পরই আগুনের সূত্রপাত্র ঘটে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বার্তাবাজার/পি