মদপান করে ছাত্রদল নেতাসহ মোট ৬ জনের মৃত্যু

রাজশাহী নগরীতে মদপান করে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফয়সাল হোসেনসহ এই পর্যন্ত ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইশাকুল ইসলাম নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম ইশাকুলের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, নিহত ইশাকুল নগরীর কাদিরগঞ্জ দরিখোড়বোনা এলাকায় বসবাস করতেন।

জানা যায়, শনিবার (২ জানুয়ারি) রাজশাহী মেডিকেলের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা যান। শনিবার ভোরেও ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়।

ইশাকুল ছাড়াও মৃত অন্যরা হলেন- মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫), হেতেমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬), হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮), বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) ও কাদিরগঞ্জ এলাকার সেলিম আহমেদের ছেলে মুন আহমেদ (১৮)।

ওসি মাজহারুল ইসলাম জানান, নতুন বছর উপলক্ষে আনন্দ করতে গিয়ে তারা মদপান করেছিলেন। বেশ কয়েকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে এদের মাঝে ৬ জন মারা যান। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর