চলতি মাসেই দেশের বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসময় ওইসব অঞ্চলের তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াসের মাঝে চলে আসতে পারে বলে আভাস পাওয়া গেছে।
রোববার (৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির এক সভায় প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
জানা গেছে আবহাওয়ার দীর্ঘ মেয়াদী পূর্বাভাস সম্পর্কে অবহিত করতে সংশ্লিষ্টরা এই সভা আহ্বান করেন। সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটর চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ। ওই প্রতিবেদন সরকারের বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে বয়ে যেতে পারে শৈত্য প্রবাহ। একটি শৈত্য প্রবাহ তীব্র মাত্রায় বয়ে যেতে পারে। তখন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, জানুয়ারির ১৫ তারিখের দিকে এই শৈত্যপ্রবাহ বয়ে যাবে। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত দেশে মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে।
বার্তাবাজার/এসজে