ছাত্রলীগ নেতা নেতৃত্ব দেন ছিনতাই চক্রের!

নীলফামারীর জলঢাকায় এক ইউনিয়ন ছাত্রলীগ নেতার নেতৃত্বে সংঘবদ্ধ ছিনতাই চক্রের খোঁজ পেয়েছে পুলিশ। জনৈক কাপড় ব্যবসায়ীকে জখম করে ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে বের হয়ে আসে এই তথ্য।

অভিযুক্ত চক্রটির নেতৃত্বে থাকা ওই ছাত্রলীগ নেতার নাম রেজওয়ান ইসলাম (২২)। তিনি জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত আছেন। তাদেরকে গ্রেফতারের পর রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় আদালতে হাজির করা হয়।

ওই ছাত্রলীগ নেতা ছাড়াও আটককৃত অন্যরা হলেন- উপজেলা সদরের মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা নাহিদ হাসান মিঠু ও মুদিপাড়া এলাকার বিশাল রায়।

রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুখলেছুর রহমান বলেন, গত ২৫ ডিসেম্বর জলঢাকা উপজেলা শহরের কাপড় ব্যবসায়ী শাহ মো. আরিফ চৌধুরীকে ছুরি ও চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপায় দুর্বৃত্তরা। টহল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই ঘটনায় পুলিশি অভিযানে শনিবার (২ জানুয়ারি) রাতে গ্রেফতার হয় নাহিদ হাসান মিঠু। তার দেয়া তথ্যের ভিত্তিতে বিশাল রায় নামের আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। রোববার তাদের দেয়া তথ্যমতে গ্রেফতার করা হয় এই ঘটনার মূলহোতা রেজওয়ানকে। গ্রেফতারের পর তাদের সাথে নিয়ে উদ্ধার করা হয় হামলার সময় ব্যবহৃত ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত রেজওয়ানের নেতৃত্বে জলঢাকায় একটি ছিনতাই চক্রের উদ্ভব হয়েছে। তারা ভোর রাতে কেউ ঢাকা কিংবা বাইরের কোনো জায়গা থেকে জলঢাকায় পৌছলে সেই ব্যক্তির উপর আক্রমণ করে ছিনতাই করেন। গ্রেফতারকৃতদের আরও জিজ্ঞাসাবাদ চলছে। এদের সাথে জড়িত অন্যদেরকেও গ্রেফতারে অভিযান চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর