ফরিদপুরের মধুখালীতে রাজু সাহা (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৩ জানুয়ারী) উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী গ্রামে একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। রাজু সাহা উপজেলার কামারখালী গ্রামের সুজিত সাহার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু সাহা উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী গ্রামে বাড়ী ভাড়া নিয়ে বসবাস করতেন। পাশেই একটি নতুন বাড়ী নির্মাণ করছিলেন প্রায় ১ বছর ধরে। শনিবার রাতে তিনি বাড়িতে বলে যান যে তিনি রাতে নির্মাণাধীন বাড়িতে থাকবেন।
রোববার সকালে বাড়িতে ফিরে না গেলে তার মা এবং বোন রাজুকে খুঁজতে আসেন নির্মাণাধীন বাড়িতে। তাকে না পেয়ে খুঁজতে খুঁজতে রক্তের সন্ধান পান খোলা জায়গায়। সন্দেহ বসত নির্মাণাধীন বাড়ীর অস্থায়ী টয়লেটের স্ল্যাব উঠালে যুবকের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশে খবর দিলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মরদেহটি উদ্ধার করেন।
এবিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বার্তা বাজারকে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এ.আর