কর্ণফুলীতে শিক্ষার্থীদের যৌতুক প্রতিরোধ র‌্যালি

কর্ণফুলীতে যৌতুক-বাল্যবিবাহ বিরোধী প্রচারণার মাধ্যমে সামাজিক সচেতনতা ও উদ্বুদ্ধকরণ প্রতিরোধ বিষয়ক এক র‌্যালি এবং সমাবেশ করেছে ফয়জুলবারী সিনিয়র ফাযিল মাদ্রাসার শিক্ষার্থীরা।

রবিবার (৩রা জানুয়ারী) দুপুরে উপজেলার ফকিরনীর হাট বাজারে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষার্থীদের ‘মনন’ নামে একটি সংগঠনের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আল আমিন কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক মৌ. মোহাম্মদ আব্দুল মাবুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফয়জুলবারী সিনিয়র ফাজিল মাদ্রাসার আইসিটি প্রভাষক মোহাম্মদ হারুন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল হামিদ।

শিক্ষার্থী মো. জাকের হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন শিক্ষার্থী হাফেজ মো. মিনহাজুল ইসলাম মিনহাজ, হাফেজ মোহাম্মদ মামুন, মোহাম্মদ সালাউদ্দিন ও আফরোজা খানম।

বক্তারা বলেন, মানব সমাজকে সত্য, সুন্দর ও কল্যাণের পথে চলতে উদ্বুদ্ধ করে ইসলাম। মানুষের জন্য অবমাননাকর কোনো কিছুই ইসলামে অনুমোদনযোগ্য নয়। মনুষ্যত্বের জন্য অবমাননাকর যৌতুক প্রথার কোনো ঠাঁই ইসলামে নেই। নারী নিগ্রহের এ প্রথা ইসলামী বিধানের সম্পূর্ণ পরিপন্থী। ইসলাম নারীকে মর্যাদার আসন দিয়েছে। বিয়ের সময় স্ত্রীর কাছ থেকে যৌতুক নেওয়া নয় বরং স্ত্রীকে মোহর দেওয়ার জন্য বাধ্যবাধকতা আরোপ করেছে।

বক্তারা আরো বলেন, যৌতুক-বাল্যবিবাহ প্রতিরোধ করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। এ ব্যাধি থেকে সবাই বের হতে পারলে সমাজ আরো সুন্দর হবে। সমাবেশে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর