গোমাংস খেয়ে বিতর্কে ভারতীয় ক্রিকেটাররা

করোনা পরিস্থিতি কাটিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট। কিন্তু অনেক ক্রিকেটারই করোনা বিধিনিষেধ মানছেন না। অস্ট্রেলিয়ায় গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন সম্পন্ন করেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া তিন টেস্টের দলে আছেন তিনি। দলের সহ-অধিনায়ক রোহিত। কিন্তু কোভিড-১৯ প্রটোকল ভেঙে সমালোচনায় নাম লেখালেন রোহিত। রোহিতের সঙ্গে এ তালিকায় আছেন আরও ৪ ক্রিকেটার।

বছরের প্রথম দিন মেলবোর্নে একটি ইনডোর ভেন্যুর রেস্তোরাঁয় খেতে যান রোহিত শর্মা, শুভমান গিল, পৃথ্বী শ, ঋষভ পন্থ, ও নভদ্বীপ সাইনি। ভারতীয় ক্রিকেটারদের সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন নভলদীপ সিং নামের এক ভারতীয়। এমন ভিডিও দেখার পর রোহিতদের আইসোলেশন বাধ্যতামূলক করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

নভলদীপ সিং ক্রিকেটারদের বিল পরিশোধ করেন এবং সেই বিলের ছবিও সামাজিক মাধ্যমে ছাড়েন। এতেই বাধে যত বিপত্তি। রেস্তোরাঁয় নিষিদ্ধ খাবার খাওয়ার পর সেটি প্রকাশ্যে আসায় তারা বিপাকে পড়েছেন। কেননা ওই বিলের মেন্যুতে গোমাংস ছিল, যা সনাতন ধর্মালম্বীদের জন্য নিষিদ্ধ। রোহিতদের এমন কাণ্ডে পুরো ভারতজুড়ে সমালোচনা হচ্ছে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর