ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন যারা

ক্রিকেট ইতিহাসে প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়ায় ১৯৭১ সালের ৫ জানুয়ারি। ৩০০ বলের এই ফরম্যাটে একজন ক্রিকেটার আর কয়টি বলই বা খেলতে পারে। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানোর চিন্তা করা ছিল অনেক দূরের কথা।

ক্রিকেটের এই ফরম্যাটে করা পাকিস্তানি ব্যাটসম্যান সাঈদ আনোয়ারের একটি রেকর্ড স্থায়ী ছিল প্রায় এক যুগ। ভারতের বিপক্ষে ১৯৯৭ সালের ২১ মে ওয়ানডেতে ১৯৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যা কিনা দীর্ঘদিন ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল।

শচীন টেন্ডুলকার

কিন্তু ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি সেই রেকর্ড ভেঙে ইতিহাস গড়েন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। সেদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ১৪৭ বলে ২৫ চার ও ৩ ছয়ে ২০০ রানে অপরাজিত ছিলেন তিনি।

শচীনের ডাবল সেঞ্চুরির পর মনে হয়েছিল আরেকটি ডাবলের জন্য হয়তো আরও কয়েক যুগ কিংবা অনেক বছর অপেক্ষা করতে হবে। কিন্তু তা আর হয়নি। পরের বছরই ডাবল সেঞ্চুরির ম্যাজিক ফিগার স্পর্শ করেন আরেক ভারতীয় তারকা বীরেন্দ্র শেবাগ।

বীরেন্দ্র শেবাগ

ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেন শেবাগ। ২০১১ সালে ৮ ডিসেম্বর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন তিনি। ১৪৯ বল মোকাবেলা করে ২৫ চার ও ৭ ছয়ে ডাবল সেঞ্চুরি করেন শেবাগ।

রোহিত শর্মা

এরপর সব রেকর্ড ভেঙে দেন ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করাকে ছেলের হাতের মোয়া বানিয়ে ফেলেছেন তিনি। এখন পর্যন্ত ওয়ানডেতে সর্বোচ্চ ৩টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত।

২০১৩ সালের ২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান রোহিত। ১৫৮ বলে ১২ চার ও ১৬ ছয়ে ২০৯ রানের ইনিংস খেলেন তিনি।

রোহিতের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি আসে ২০১৪ সালের ১৩ নভেম্বর। কোলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রানের বিধ্বসী ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত এটি কোনো ক্রিকেটারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এই বিশ্বরেকর্ড গড়তে রোহিত ১৭৩টি বল মোকাবেলা করেন। রোহিত ৩৩টি চার ও ৯টি ছয়ের সাহায্যে এই ইনিংস খেলেন।

২০১৭ সালের ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষেই ওয়ানডে ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরি হাঁকান রোহিত। সেদিন ১৫৩ বল মোকাবেলা করে ১৩ চার ও ১২ ছয়ে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন রোহিত।

ক্রিস গেইল

ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলও আছেন এই তালিকায়। তিনি ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন তিনি।

একই সাথে সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরি এটি। ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ১৪৭ বলে ১০ চার ও ১৬ ছয়ে ২১৫ সালের ইনিংস খেলেছিলেন গেইল।

মার্টিন গাপটিল

২০১৫ বিশ্বকাপে আসে আরেকটি ডাবল সেঞ্চুরি। নিজ দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ১৬৩ বলে ২৪টি চার ও ১১টি ছয়ের সাহায্যে এই ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিক গাপটিল।

ফখর জামান

সর্বশেষ ডাবল সেঞ্চুরি আসে ২০১৮ সালের ২০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে। পাকিস্তানি ওপেনার ফখর জামান জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৬ বলে ২৪ চার ও ৫ ছয়ে ২১০ রানের অনবদ্য ইনিংস খেলেন।

এক সময় ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কথা চিন্তা করা যেত না। এখন তা হরহামেশায় হচ্ছে। মূলত টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেটারদের আগ্রাসী ব্যাটিংয়ের মনোভাবের কারণেই ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দেখা মিলছে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর