সিজারের সময় নাড়ি-ভুঁড়ি কেটে যাওয়ায় নবজাতকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করার সময় নবজাতকের পেট ও নাড়ি-ভুঁড়ি কেটে ফেলায় মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২ জানুয়ারি) রাতে উপজেলার আলমডাঙ্গা ইউনাইটেড ক্লিনিকে এই ঘটনা ঘটে। ক্লিনিকের মালিক উপ-সহকারি মেডিকেল অফিসার নাজমুল হক এই অপারেশন করেন বলে দাবি করছেন ভুক্তভোগীর পরিবার।

জানা যায়, উপজেলার মাজু গ্রামের সাগর আলীর স্ত্রী রুমা খাতুনের প্রসব বেদনা উঠায় তাকে শুক্রবার (১ জানুয়ারি) ভর্তি করা হয় ইউনাইটেড ক্লিনিকে।

সাগর আলী জানান, শুক্রবার দুপুরেই ক্লিনিকের মালিক নাজমুল হক নিজে তার স্ত্রীর সিজারিয়ান অপারেশন করে। এসময় নবজাতক শিশুটির পেট কেটে ফেলায় বের হয়ে আসে নাড়ি-ভুঁড়ি। রাতেই ক্লিনিক সংশ্লিষ্টরা তার সদ্যজাত সন্তানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতলে নিয়ে যায়। কিন্তু সেখান থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়। শনিবার (২ জানুয়ারি) রাতে শিশুটি মারা যায়।

অভিযোগ অস্বীকার করে ক্লিনিকের মালিক নাজমুল হক বলেন, আমি ওই প্রসূতির অপারেশন করবো কেন? করেছে ডা. বিপাশা। অপারেশনে শিশুর কোনো ক্ষতি হয়নি। জন্মগত ত্রুটির কারণে তার নাড়ি-ভুঁড়ি বের হয়ে এসেছে। ময়নাতদন্ত করলেই বিষয়টি স্পষ্ট জানা যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর