আশুলিয়া প্রেসক্লাবের ৭ম দ্বিবার্ষিক নির্বাচনে মোজাফফর হোসাইন জয় সভাপতি এবং জহিরুল ইসলাম খান (লিটন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার আব্দুল ওহাব এই তথ্য নিশ্চিত করেন।
৭ম দ্বিবার্ষিক নির্বাচন ২০২১-২০২২ নির্বাচনে সভাপতি পদে সময় টিভির জেলা সাব-ব্যুরো প্রধান মোজাফফর হোসাইন জয় মোট ২২টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলা ভিশনের মোছাঃ শেফালি মিতু মোট ১৫টি এবং যমুনা টিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান নিপু মোট ১২টি ভোট লাভ করেন।
সাধারণ সম্পাদক হিসেবে মোট ২৭টি ভোট পেয়ে জহিরুল ইসলাম খান (লিটন) নির্বাচিত হয়েছেন। লোকমান হোসেন খোকা চৌধুরী ২১ এবং মোহনা টিভির লাইজু আহমেদ ৩টি ভোট লাভ করেন।
সাংঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম ২৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন ফলাফল পরবর্তী এক প্রতিক্রিয়ায় নব-নির্বাচিত সভাপতি মোজাফফর হোসাইন জয় জানান, খুব সুন্দর এবং আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। এই জয় গণমাধ্যমের, এজন্য ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি যারা বিজয়ী হতে পারেন নাই, তাদেরকে ভালোবাসা জানাই। আমরা সবাই একসাথে কাজ করে এই অঞ্চলের জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করে যাবো।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান (লিটন) বার্তা বাজারকে জানান, এই বিজয় এই অঞ্চলের সকল সাংবাদিক এবং আশুলিয়াবাসীর। সৃজনশীল সাংবাদিকতার প্রাণকেন্দ্র আশুলিয়া প্রেসক্লাব আরও বলিষ্ঠভাবে যাতে গণমাধ্যমের ভূমিকা নির্বাহ করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাবো।
প্রসঙ্গত, ৭ম দ্বিবার্ষিক নির্বাচনে আশুলিয়া প্রেসক্লাবের মোট ৫১জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আব্দুল ওহাব এবং নির্বাচন কমিশনার হিসেবে যথাক্রমে জাকির হাসান এবং মোঃ মনিরুজ্জামান দায়িত্ব পালন করেন।
বার্তাবাজার/এ.আর