নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগের (৪৫) জামিন দিয়েছেন হাইকোর্ট। মামলায় চার্জশিট ও এজাহার পর্যালোচনা করে তার জামিন মঞ্জুর করা হয়।
রোববার (৩ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ জামিনের এই আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী জানা যায়, আসামি সোহাগ মেম্বারের বিরুদ্ধে দণ্ডবিধির ২০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। ওই ধারায় একজন আসামির সর্বোচ্চ শাস্তি হতে পারে ৬ মাস।
মামলার ধারা বিবেচনায় সোহাগ মেম্বারের আইনজীবী অজি উল্লাহ তার জামিন আবেদন করেন। আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন এর বিরোধিতা করেন। পরে শুনানি শেষে হাইকোর্ট আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে জামিন দেন।
সমালোচিত এই ঘটনায় গত ১৫ নভেম্বর দেলোয়ার হোসেন দেলুকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশান।
বার্তাবাজার/এসজে