অস্ট্রেলিয়া-ভারত মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় রয়েছে। আগামী ৭ জানুয়ারি সিরিজের তৃতীয় ও ১৫ জানুয়ারি শেষ টেস্ট মাঠে গড়াবে। শেষ টেস্ট ম্যাচটি ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।
ব্রিসবেনে খেলতে গেলে দুই দলকেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় দেশটির কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার বেশ সতর্ক অবস্থানে রয়েছে। সবার জন্য এ নিয়ম মানা বাধ্যতামূলক।
তবে ভারত ব্রিসবেনে কোয়ারেন্টাইনে থাকতে রাজি নয়। তারা ব্রিসবেনে শেষ টেস্ট না খেলে সিডনি অথবা অন্য কোথাও খেলতে চাচ্ছে।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে ভারতীয় দলের এক সূত্র জানিয়েছেন, আমরা দুবাইয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলাম। এরপর সিডনিতেও ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকেছি। বন্দী অবস্থায় থাকা খুবই কঠিন বিষয়। যদি আবার কোয়ারেন্টাইনে থাকতে হয় তাহলে আমরা ব্রিসবেনে খেলতে চাই না। সিডনি অথবা অন্য কোথাও খেলে দেশে ফিরতে চাই।
ভারতের এমন মন্তব্যের পরও নিয়মে পরিবর্তন আনতে রাজি হয়নি কুইন্সল্যান্ড সরকার। ভারত নিয়ম না মানলে তাদের ব্রিসবেনে খেলার দরকার নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে।
কুইন্সল্যান্ড সরকারের স্বাস্থ্য ছায়া মন্ত্রী রস বেটস বলেন, ভারত যদি এ নিয়ম না মানে তাহলে তাদের এখানে আসার দরকার নেই।
এ ব্যাপারে ক্রীড়া ছায়া মন্ত্রী টিম মেন্ডার বলেন, ভারত যদি নিয়ম অমান্য করে কোয়ারেন্টাইনে থাকতে না চায় তাহলে তাদের চতুর্থ টেস্ট খেলতে আসার দরকার নেই।
বার্তাবাজার/এস.জি