নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তান। আজ ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামে দুইদল। দ্বিতীয় টেস্টেও বাজে হাল পাকিস্তানের।
প্রথম দিনেই অলআউট হয়ে গেছে তারা। কিউই পেসার কাইল জেমিসনের বোলিং তাণ্ডবে প্রথম ইনিংসে ২৯৭ রানেই অলআউট হয়ে পাকিস্তান। এদিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। টিম সাউদির দুর্দান্ত এক ইয়র্কারে লেগ বিফোরের ফাঁদে পড়ে রানের খাতা না খুলেই ফিরেন শান মাসুদ। এরপর আজহার আলিকে নিয়ে প্রতিরোধ গড়েন ওপেনার আবিদ আলি।
কিন্তু তাদের জুটি বড় স্কোর গড়তে ব্যর্থ হয়। দলীয় ৬৬ রানে পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন হয়। ব্যক্তিগত ২৫ রানে জেমিসনের বলে সাউদির হাতে ক্যাচ দিয়ে ফিরেন আবিদ আলি।
এরপর জেমিসনের দুর্দান্ত ডেলিভারিতে ফিরেন হ্যারিস সোহেল, ফাওয়াদ আলম। সোহেল মাত্র ১ রান করে নিকোলসের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। অন্যদিকে গত ম্যাচে শতক হাঁকানো ফাওয়াদ ২ রান করে উইকেটরক্ষক ওয়াটলিংয়ের হাতে ধরা পড়েন।
৮৪ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানের হাল ধরেন আজহার ও মোহাম্মদ রিজওয়ান। ৮৮ রানের জুটি গড়েন তারা। ৬১ রান করে জেমিসনের বলে ওয়াটলিংয়ের হাতে তালুবন্ধি হয়ে রিজওয়ান ফিরলে এই জুটিটি ভাঙে।
এরপর ফাহিম আশরাফের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন আজহার। সেঞ্চুরির খুব কাছে গিয়ে হেনরির বলে টেলরের হাতে ক্যাচ দিয়ে ফিরেন আজহার। ৯৩ রান করে আজহার ফেরার পর অভিষিক্ত জাফর গোহরকে নিয়ে প্রতিরোধ গড়েন ফাহিম।
তবে তাদেরকে বড় স্কোরের জুটি গড়তে দেননি জেমিসন। ৪৮ রান করে টেলরের হাতে ধরা পড়ে জেমিসনের পঞ্চম শিকার হন ফাহিম। অন্যদিকে ৩৪ রান করে ফিরেন গোহর। তাকে ফেরান সাউদি।
এরপর পাকিস্তানকে আর দাঁড়াতেই দেননি পেসার ট্রেন্ট বোল্ট। শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহর উইকেট তুলে নেন তিনি। আফ্রিদি ৪ ও নাসিম ১২ রান করেন। এতেই ২৯৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। সেই সঙ্গে শেষ হয় প্রথম দিনের খেলা।
বার্তাবাজার/এস.জি