১৪ বছর পর মুক্তি পেয়ে ৪ জনকে কুপিয়ে হত্যাচেষ্টা

বরিশালের হিজলায় ১৪ বছর কারাভোগের পর জেল থেকে মুক্তি পেয়ে ৪ জনকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে নুরু বাবুর্চি নামের এক ব্যক্তি ও তার ৩ ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। নুরু বাবুর্চি উপজেলার গুয়াবাড়িয়ে ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের হাশেম বাবুর্চির ছেলে।

জানা যায়, একটি অস্ত্র মামলায় ১৪ বছর কারাভোগের পর ২০২০ সালের জুলাইয়ে মুক্তি পান নুরু বাবুর্চি। এরপর গত ৩ মাসের মাঝে নিজের ভাই দুলাল, তার স্ত্রী নিলুফা ও চাচাতো ভাই কাঞ্চন বাবুর্চির পরে সর্বশেষ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) কাঞ্চনের ছেলে শহীদকে নির্মমভাবে কোপায়। কুপিয়ে সবাইকে পঙ্গু করে দেওয়ার ঘটনায় পুরো গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার জানান, নুরু একজন ভয়ংকর সন্ত্রাসী। অস্ত্র মামলায় ১৪ বছর কারাভোগের পর গত জুলাইয়ে মুক্তি পেয়ে একে একে চারজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। এখন পুরো এলাকাজুড়ে তাকে নিয়ে আতংকের সৃষ্টি হয়েছে।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, নুরু বাবুর্চি ও তার তিন ছেলে এনামুল, ইমরান এবং এহসানকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, সবাই মিলে প্রতিপক্ষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করতো।

তিনি আরও জানান, নুরুকে জিজ্ঞাসাবাদ চলছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে গণধর্ষণসহ ৬টি মামলা আছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর