বিশ্ব পরিব্রাজক নাজমুন পেলেন ‘মোস্ট ইনফ্লুয়েশিয়াল উইমেন এওয়ার্ড’

মোস্ট ইনফ্লুয়েশিয়াল উইমেন এওয়ার্ড অব বাংলাদেশ পেলেন বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার।

বছরের প্রথম দিনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে জাঁকজমকপূর্ণ অয়োজনে ‘পতাকা কন্যা’ খ্যাত এ পরিব্রাজককে উক্ত পদকে ভূষিত করে সম্মাননা জানান সাংস্কৃতিক সংগঠন স্বপ্নযাত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম, বিশেষ অতিথি ছিলেন কবি সাংবাদিক এজাজ ইউসুফী, লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি সাবেক কাউন্সিলর মো. এম এ কাশেম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী প্রয়াস।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহীত উল আলম বলেন, নাজমুন একজন সংগ্রামী ও সাহসী নারী। তিনি তার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করছেন বিশ্ব জয়ের মাধ্যমে। তার এ জয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির সাথে একিভূত হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের সম্মানকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছে।

অনুষ্ঠানে নাজমুন নাহার শুনালেন তার বিশ্বভ্রমণের অসাধারণ সব গল্প। যে গল্পে ওঠে এসেছে পৃথিবীর মানুষের কথা, ভিন্ন ভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির কথা।

বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার। ছবি-বার্তা বাজার

সড়ক পথে ভ্রমণকারী নাজমুন তার বিশ্বজয়ের গল্পে আরও বলেন, বাংলাদেশের কোটি প্রাণের লাল-সবুজের পতাকাকে পৌঁছে দিয়েছি ১৪৪ টি দেশে। আমার শরীরে ১৪৪ দেশের খাবার, তাপমাত্রা এবং সেসব দেশের মানুষকে কাছে থেকে জানার অভিজ্ঞতা। পৃথিবীর বিভিন্ন দেশের স্কুলে গেছি, সেখানে শিক্ষার্থীদের কাছে আমার দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেছি। দেশে দেশে যুদ্ধ নয়, শান্তির বাণী প্রচার করেছি।

স্বপ্নবাদী নাজমুন তারুণ্যের স্বপ্নের মাঝেই আগামীর পৃথিবীটাকে দেখতে পান। তিনি বলেন, আমি পৃথিবীর সন্তান। পুরো পৃথিবীটাই আমার মা। আমরা সবাই একই ছায়ার নিচে বসবাস করছি। ধর্ম, বর্ণ জাতি নির্বিশেষে আমাদেরকে মানুষের পরিচয়ে এক পৃথিবীর স্বপ্ন দেখতে হবে। আগামী দিনের তরুণরাই হবে ভবিষ্যত পৃথিবীর নির্মাতা।

আবৃত্তি শিল্পী উমেসিং মারমার উপস্থাপনায় অনুষ্টানের দ্বিতীয় আয়োজনে ছিল ‘বিশ্ব পরিব্রাজক এর কথা ও কবিতা’ শীর্ষক মনোজ্ঞ আবৃত্তি পর্ব। আবৃত্তি করেন সংগঠনের সদস্য ফারজানা রুমা, নাজিম উদ্দিন, জীবন বড়ুয়া, স্বিগ্ধা বড়ুয়া, মুনমুন ভৌমিক ও ইনান ইলহাম।

প্রসঙ্গত, সর্বাধিক রাষ্ট্র ভ্রমণকারী প্রথম বাংলাদেশী নারী নাজমুন নাহার। তিনি যুক্তরাষ্ট্রের পিচ টর্চ বিয়ারার এওয়ার্ড, আর্থ কুইন এওয়ার্ড, জাম্বিয়া সরকারের গভর্নরের কাছ থেকে পেয়েছেন ফ্ল্যাগ গার্ল উপাধি, অনন্যা শীর্ষ দশ এওয়ার্ড, জনটা ইন্টারন্যাশনাল থেকে গেম চেঞ্জার অব বাংলাদেশ এওয়ার্ড, অতীশ দীপঙ্কর গোল্ড মেডেল এওয়ার্ডসহ অনেক উপাধি ও সম্মাননা পেয়েছেন। নাজমুন নাহার সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি থেকে উচ্চতরডিগ্রি শেষে একজন গবেষক হিসেবে কাজ করেছেন। এছাড়াও দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রাইটস ও এশিয়া বিষয়ে পড়াশোনা করেছেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর