পাবনার বেড়ায় মিলাদের মাধ্যমে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের উদ্বোধন করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা। ঘটনাটি নিয়ে ওই এলাকায় শুরু হয়েছে তীব্র সমালোচনার।
শনিবার (২ জানুয়ারি) উপজেলার রূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম বকুল ড্রেজার মেশিনের উপর এই মিলাদের আয়োজন করে।
জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও খানপুরা গ্রামের বাসিন্দা রেজাউল করিম বকুল সম্প্রতি ৫০ লক্ষাধিক টাকা দিয়ে একটি ‘বলগেট’ ড্রেজার মেশিন কিনে আনেন। শনিবার বিকালে মিলাদের মাধ্যমে যার উদ্বোধন করেন। এরপর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেন।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম উজ্জ্বল বলেন, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে রেজাউল করিম বকুলের কোনো পদ নেই। সে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে এ ধরণের অপকর্ম করে আসছে। আমরাও তার কারণে বিব্রত হই।
এই ঘটনায় কথা বলতে রেজাউল করিম বকুলের ব্যক্তিগত ফোন নাম্বারে অনেকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী নিজেকে বকুলের স্ত্রী পরিচয়ে বলেন, বকুলের জ্বর এসেছে। তাই এখন ঘুমিয়ে থাকায় কথা বলতে পারবেন না।
বার্তাবাজার/এসজে