মেহেরপুরে ফেনসিডিলসহ আটক-১

ঘরের মধ্যে মাটির গর্ত খুঁড়ে পাওয়া গেল ফেন্সিডিল এবং ফেন্সিডিল বিক্রির এক লক্ষ ৫৮ হাজার টাকা।

শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফেন্সিডিল ব্যবসায়ী রহমানকে (৬৫) গ্রেফতার এবং সেখান থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বিক্রির ১ লক্ষ ৫৮ হাজার টাকা উদ্ধার করে।

আটককৃত আব্দুর রহমান মেহেরপুরের মুজিবনগর উপজেলা শিবপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই মুত্তরায় চৌধুরীর নেতৃত্বে ডিবির এ এস আই মাহাতাব, জসিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুর গ্রামের রহমানের বাড়ি ঘেরাও করে। এসময় রহমানকে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের মেঝেতে বিশেষ কায়দায় তৈরি গর্ত খুঁড়ে সেখান থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং পলিথিনে মোড়ানো ফেন্সিডিল বিক্রি ১ লক্ষ ৫৮ হাজার টাকা উদ্ধার করে। এরপরে বাড়ির পাশে একটি বাঁশ বাগানে গর্ত খুঁড়ে সেখান থেকে আরো ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বার্তা বাজারকে জানান, রহমান ও তার ছেলে দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিলের ব্যবসা করে আসছিলো। গোপন সূত্রে খবর পেয়ে আজকে এ অভিযান চালানো হয়। রহমানকে গ্রেপ্তার করলেও তার ছেলে শাকিল পলাতক রয়েছে। এ ঘটনায় মুজিবনগর থানায় মামলার প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে মেহেরপুর মুজিবনগর থানায় একাধিক মামলা আছে বলে জানানো হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর