আবারও মুক্তিযোদ্ধা কোটা চালুর দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

সরকারি চাকরিতে আবারও কোটা চালুর দাবির পক্ষ নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জোর দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (২ জানুয়ারি) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশান মিলনায়তনে ‘শহীদ সন্তান-৭১’ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই কোটা বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। রাজাকারের সন্তানদের দ্বারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যাবে না। প্রশাসনে যদি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক না থাকে, তাহলে সেখানে তারা সেই গান গাইবে, যা পাকিস্তান আমলে গাইত।

আলোচনা সভায় ‘শহীদ সন্তান-৭১’-এর পক্ষ থেকে বেশকিছু দাবি উপস্থাপন করা হয়। এগুলোর মাঝে আছে- শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাতি নাতনিদেরকে উত্তরাধিকার সুবিধা প্রদান ও সরকারি চাকরিতে কোটা সুবিধা দেওয়া, ১৫ ডিসেম্বরকে জাতীয় শহীদ বীর মুক্তিযোদ্ধা দিবস হিসাবে ঘোষণা দেওয়া, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ২৫ শতাংশ কোটার ব্যবস্থা, যুদ্ধাপরাধী পরিবারের তালিকা প্রণয়ন এবং তাদের সন্তানদেরকে বয়কট করাসহ রাজাকারের তালিকা দ্রুত প্রস্তুত করে বিচার নিশ্চিত করা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর