ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে ‘বিদ্রোহী’ হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় কৃষকলীগ নেতা লিটন মৃধাকে বহিষ্কারের সুপারিশ করবে জেলা কৃষকলীগ।
ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম বার্তা বাজারকে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় নৌকা প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মীসহ সহযোগী সকল সংগঠনের কাজ করার কথা। অথচ কৃষকলীগের ফরিদপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লিটন মৃধা বোয়ালমারী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নিজেই বিদ্রোহী প্রার্থী হয়েছেন। যা সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল। তাই দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য তাকে ২৯ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে ৩ দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার সময় নির্ধারিত থাকলেও তিনি কোন জবাব দেননি। তাই অচিরেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে কৃষকলীগের সকল পদ-পদবী থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে কেন্দ্রে এবং দু’একদিনের মধ্যেই জেলা কমিটির সভা ডেকে সিদ্ধান্ত নিবে।
এ ব্যাপারে লিটন মৃধা বার্তা বাজারকে বলেন, ‘জনগণ আমাকে চায়; সে জন্য আমি নির্বাচন করছি। আমার ব্যাপারে দল যদি কোন সিদ্ধান্ত নেয় আমি তা মাথা পেতে নিব।’
স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, লিটন মৃধা গত উপজেলা নির্বাচনেও দলীয় প্রার্থীর বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করেন। এ ছাড়া জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন এবং গত জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইতে বাদ পরেন তিনি।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারী বোয়ালমারী পৌর নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে আ’লীগ থেকে সেলিম রেজা লিপন, বিএনপি থেকে আঃ শুকুর শেখ ও স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) লিটন মৃধা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ৩ ওয়ার্ডে ১১জন ও সাধারণ কাউন্সিলর হিসেবে ৯ ওয়ার্ডে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রথম শ্রেণির এ পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ২৭৯জন যার মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮৮৩ জন ও মহিলা ভোটার ১১ হাজার ৩৯৬জন।
বার্তাবাজার/এ.আর