সীমান্তে সুড়ঙ্গ: ভারত জানলেও জানেনা বাংলাদেশ

ভারতের আসাম ও বাংলাদেশ সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তে প্রায় ২০০ মিটার লম্বা একটি গুপ্ত সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় পুলিশ বাহিনী। তবে এই সুড়ঙ্গ বিষয়ে বাংলাদেশ পুলিশ কিছুই জানেনা বলে দাবি করছে।

ভারতীয় পুলিশের দাবি, এই সুড়ঙ্গ ব্যবহার করে অপহরণসহ নানা ধরণের অপরাধ সংগঠিত হতো।

এ বিষয়ে কলকাতায় বিবিসির সংবাদদাতা হিসাবে কর্মরত অমিতাভ ভট্টশালী জানান, গত রোববার (২৭ ডিসেম্বর) আসামের করিমগঞ্জ থেকে এক ব্যক্তিকে অপহরণ করা হয়। তার বাড়িতে ফোন করে বাংলাদেশি একতি নম্বর থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরে এই ঘটনায় একজনকে আটক করে ভারতীয় পুলিশ। এরই মাঝে মুক্তি পেয়ে যায় অপহরণের শিকার ওই ব্যক্তি। তিনি ফিরে এসে সুড়ঙ্গের বিষয়টি জানায় পুলিশকে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই সুড়ঙ্গ বন্ধে বিএসএফকে উদ্যোগ নেওয়ার জন্য বলা হয়েছে। তারাও বন্ধ করতে কাজ চালিয়ে যাচ্ছে।

সুড়ঙ্গের বাংলাদেশ প্রান্ত অবস্থিত জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, সীমান্তে এমন কোনো সুড়ঙ্গের তথ্য তাদের জাছে নেই। এরকম কোনো সুড়ঙ্গ থাকতে পারে বলেও তারা জানেন না।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সীমান্তে এটাই প্রথম সুড়ঙ্গ নয়। এর আগেও পাওয়া গেছে বিভিন্ন যায়গায় দু’টি সীমান্ত।

২০১৭ সালে মেঘালয়ের তুরা এলাকায় ৫০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুড়ঙ্গের সন্ধান পায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর ঠিক এক মাস পরেই পশ্চিমবঙ্গের ফতেপুর সীমান্তে বেকটি অর্ধখোড়া সুড়ঙ্গের সন্ধান মিলে।

পুলিশের ধারণা দুই দেশের আড়াই হাজার মাইল সীমান্তে নজরদারি বৃদ্ধি পাওয়ায় পাচারকারী ও অপরাধীরা এমন সুড়ঙ্গ খুঁড়ে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। সূত্র-বিবিসি বাংলা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর