কলাপাড়ায় ছাত্রদলের কমিটি থেকে ১৪ জনের পদত্যাগ

টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে নিয়ে কমিটি করার প্রতিবাদে কলাপাড়া উপজেলা ছাত্রদলের শতাধিক নেতা-কর্মীকে নিয়ে পৌরশহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সন্মেলনের মাধ্যমে ছাত্রদলের ১৪ জন পদত্যাগ করেছেন।

শনিবার বেলা ১১ ঘটিকায় কলাপাড়া উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও এমবি কলেজ ছাত্রদলের শতাধিক নেতা-কর্মীকে নিয়ে এ সংবাদ সন্মেলন করেন।

সংবাদ সম্মেলনে কলাপাড়া উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক গাজী ফারুক, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সমাজ কল্যান সম্পাদক কাজল তালুকদারের নাম উল্লেখ করে আর্থিক লেনদেনের মাধ্যমে অছাত্র, বিবাহিত এবং ছাত্রলীগ কর্মীদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ করেন ।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সদ্য ঘোষিত উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ও পৌর ছাত্র দলের আহ্বায়কসহ কমিটির ১৪ জন সাক্ষর করে পদত্যাগ করেন।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো.সাইফুল ইসলাম ইমরান তার লিখিত বক্তব্য পাঠ করে এ সব অভিযোগ আনেন। লিখিত বক্তব্যে বলা হয়, গত বছরের ২৭ ডিসেম্বর ছাত্রদল কলাপাড়া উপজেলা কলাপাড়া পৌরশাখা ও এম,বি কলেজ শাখার আহবায়ক কমিটি পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি, সম্পাদকের স্বাক্ষরে ঘোষনা করা হয়। যাহাতে অনিয়ম পরিলক্ষিত হয়েছে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে হয়েছে বলে তাদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। নতুন কমিটিতে বিবাহিত ও অছাত্রদের রেখে গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি করা হয়েছে। যা সংগঠনের গঠনতন্ত্র বিরোধী। এখানে ছাত্রদলের ত্যাগীদের পদ বঞ্চিত করা হয়েছে। এছাড়া পৌরবাসী নয়, এমন কি পৌরসভার ভোটার নয় এমন লোককেও পৌর কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা সদ্য ঘোষিত কমিটি বিলুপ্ত করে সৎ যোগ্য ত্যাগী বিচক্ষন নেতৃত্বের সমন্বয়ে নতুন কমিটি গঠন করার দাবী জানান।

সংবাদ সন্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো.আমিরুল ইসলাম ফাহিম, ১নং যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ইমরান, যুগ্ন আহবায়ক মাসুদ রানা, ১নং সদস্য মো.জহিরুল ইসলাম, পৌর ছাত্রদল’র আহবায়ক তৌহিদুল ইসলাম সাকিব, যুগ্ম আহবায়ক গাজী রাসেল নাইম, যুগ্ম আহবায়ক মোঃ ফেরদৌস, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জনি, সরকারী এমবি কলেজ শাখা’র ১নং যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পাশা, যুগ্ম আহবায়ক মোঃ নুরবাহাদুর প্রমূখ।

এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির বার্তা বাজারকে বলেন, যাদের নাম উল্লেখ করে আর্থিক অনিয়মের কথা বলা হয়েছে, তা সত্যি নয়। ছাত্রদলের কমিটি উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন এর পরামর্শে করা হয়েছে। যারা অভিযোগ করেছে তারা ছাত্রদলের কেউ নয়। একটি কুচক্রী মহলের সহায়তায় তারা সংবাদ সন্মেলন এবং মিছিল করেছে বলে তিনি উল্লেখ করেন।

পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বাশার উজ্জল বার্তা বাজারকে জানান, অনেকে পদ না পাওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করছে। যদি ছাত্রদলের মধ্যে বিবাহিতরা প্রবেশ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর