আগামী বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হলেই প্রকাশিত হবে ফলাফল।
শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে জানা যায়, বিশেষ অবস্থায় ফলাফল প্রকাশের জন্য রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হয়। সোমবার (৪ জানুয়ারি) এ বিষয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে একটি প্রস্তাব উত্থাপিত হবে। রাষ্ট্রপতির কাছে নথিপত্র পাঠানোর পরে ৫ অথবা ৬ জানুয়ারি অধ্যাদেশ জারি করবেন রাষ্ট্রপতি।
পরে ফলাফল প্রকাশে আর কোনো বাঁধা থাকবে না উল্লেখ সূত্রটি আরও জানায়, প্রধানমন্ত্রীর শিডিউল পেলে আগামী বৃহস্পতিবার (৭ জানুয়ারি) প্রকাশিত হতে পারে এইচএসসি ও সমমানের ফলাফল।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত করা আছে। কিন্তু অধ্যাদেশ জারি সংক্রান্ত জটিলতার জন্য ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার পর ফলাফল প্রকাশ করা হবে।
অধ্যাদেশ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, আশা করছি আগামী বুধবার রাষ্ট্রপতির পক্ষ থেকে অধ্যাদেশ জারি হবে। এরপরই ফলাফল প্রকাশ করা যাবে।
বার্তাবাজার/এসজে