মানিকগঞ্জের সিংগাইরে আমিনুর রহমান নামের এক বিতর্কিত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে বিদ্যালয় থেকে বের করে দিয়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। শুক্রবার (১ জানুয়ারি) সকালে উপজেলার গোলাইডাংগা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমানের বিরুদ্ধে আগে থেকেই নারী কেলেঙ্কারি, অর্থ আত্মসাতসহ নানা অভিযোগ ছিল। এসবের কারণে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্কুল থেকে বহিস্কার করেন।
কিন্তু বই উৎসব চলাকালে তাকে ডাকা না হলেও তিনি আবারও বিদ্যালয়ে হাজির হন। এসময় এলাকাবাসী ও শিক্ষার্থীরা মিলে তাকে লাঞ্ছিত করে অন্যত্র নিয়ে আটকে রাখেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান এসে মীমাংসার আশ্বাস দিলে তাকে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে আমিনুর রহমান জানান, বই বিতরণের অনুষ্ঠানে বিদ্যালয়ে গেলে পূর্ব শত্রুতার জেরে জনৈক ছাত্রী নির্যাতনের অভিযোগ এনে আমার উপর কয়েকজন শিক্ষার্থী হামলা চালান। পরে চেয়ারম্যান ও পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
বলধারা ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান জানান, মীমাংসার আশ্বাস দিয়ে আমি প্রধান শিক্ষক আমিনুর রহমানকে উদ্ধার করি। তার ওপর শিক্ষার্থী ও অভিভাবকরা চড়াও হয়েছিল।
সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজউদ্দৌলা জানান, বই বিতরনের কিছুক্ষন আগে ১০-১৫ জন সাবেক ছাত্র আমিনুর রহমানের ওপর হামলা চালায়। এসময় তারা আমিনুর রহমানকে মারধরও করেন।
বার্তাবাজার/এসজে