জাতীয় পার্টি সম্পর্কে দলের সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদের আলোচিত সাবেক স্ত্রী বিদিশা নেতিবাচক মন্তব্য করায় ক্ষোভে ফুঁসছেন রংপুরের নেতাকর্মীরা। তারা বিদিশাকে রংপুরে প্রতিহতের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১ জানুয়ারি) বিকালে রংপুর মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়।
মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা বলেন, বিদিশা জাপা চেয়ারম্যানের প্রাক্তন পত্নি। জাতীয় পার্টির সাথে তার কোনো সম্পর্ক নেই। আগামীতে বিদিশা রংপুরে এলে তাকে প্রতিহত করা হবে।
দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর জাপার সাধারণ সম্পাদক ইয়াসির আহমেদ বলেন, এরিকের মা হিসেবে আমরা বিদিশাকে সম্মান করতাম। তাই তাকে এরশাদের কবর জিয়ারতে বাধা দেইনি। এখন তিনি জাতীয় পার্টি সর্ম্পকে আজে বাজে কথা বলছেন। তাই আগামীতে তাকে আমরা রংপুরে ঢুকতে দিব না।
তিনি আরও বলেন, আলোচনা সভায় সবার সিদ্ধান্ত মোতাবেক রংপুরে এলে বিদিশাকে প্রতিহত করা হবে। জাপা চেয়ারম্যান এরশাদ জীবিত থাকতে দলের নেতাকর্মীদের বলে গেছেন বিদিশা যাতে জাতীয় পার্টিতে আসতে না পারে।
এর আগে শুক্রবার সকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এরশাদের কবর জিয়ারত করতে গিয়ে বিদিশা বলেন, জাতীয় পার্টি লাইফ সাপোর্টে চলে গিয়েছে।
বার্তাবাজার/এসজে