বগুড়ায় নতুন বছর বরণ উপলক্ষে আয়োজিত পিকনিকে গিয়ে দূর্ঘটনার শিকার এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পিকনিক শেষে নামার সময় সিঁড়িতে পড়ে যান। শুক্রবার (১ জানুয়ারি) ভোরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত ওই শিক্ষকের নাম আব্দুল মতিন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। একই উপজেলার ধোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত থাকলেও স্ত্রী সন্তানদের নিয়ে তিনি বগুড়া শহরের নাটাইপাড়া বিলপাড়ায় বসবাস করতেন।
জানা যায়, স্থানীয় এলাকাবাসী মিলে টিপু মাস্টার নামে এক ব্যাক্তির নির্মাণাধীন বাড়ির ছাদে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পিকনিকের আয়োজন করে। রাত ৯টার দিকে অনুষ্ঠানস্থল থেকে নীচে নামার সময় তিনি ফোনে কথা বলছিলেন। তখন অরক্ষিত সিঁড়ি দিয়ে অসাবধানতার কারণে তিনি নীতে পড়ে যান।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ভোরের দিকে তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির।
বার্তাবাজার/এসজে