ফরিদপুরে নববর্ষ উপলক্ষে ঘুড়ি ও ফানুস উৎসব

ইংরেজি নববর্ষ ২০২১ বরণ উপলক্ষে ফরিদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘুড়ি ও ফানুস উড়ানো উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ (শুক্রবার) বিকেলে শহরতলীর ধলার মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর সিটি পেজ।

এর আগে সকাল ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। তবে মূল অনুষ্ঠান শুরু হয় বিকেলে। ব্যতিক্রম এ অনুষ্ঠান উপভোগ করতে হাজার হাজার লোকের সমাগম ঘটে। এ সময় ধলার মোড়ের আকাশ বিভিন্ন রং ও আকৃতির ঘুড়িতে চমৎকার আকার ধারণ করে। প্রায় সন্ধ্যার আগ পর্যন্ত শত শত ঘুড়ি আকাশে উড়তে দেখা যায়। এছাড়াও হাজার হাজার মানুষের পদচারণায় স্থানটি দারুণভাবে উপভোগ্য হয়ে ওঠে।

অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইফুল ইসলাম, অধ্যাপক রিজভী জামান, মো. আক্তারুজ্জামান, মো. আরিফুজ্জামান প্রমুখ। এসময় তারা বক্তব্যে এ উৎসবের সফলতা কামনা করেন।

বক্তারা বলেন, ঘুড়ি উৎসব বাংলাদেশের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এ ধরনের উৎসব প্রতিবছর অনুষ্ঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে করোনাকালে টেলিমেডিসিন সেবা প্রদানের জন্য ১০ জন চিকিৎসককে বিশেষ সম্মাননা দেয়া হয়। এছাড়া সন্ধ্যার পরে ফানুস ওড়ানো হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর