সরকারকে নতুন হুঁশিয়ারি দিলেন চরমোনাই পীর

মানুষের অধিকার নিয়ে বারবার ছিনিমিন খেললে দেশের জনগণ এর সমুচিত জবাব দিবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম।

শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সংলগ্ন এলাকায় তাদের দলের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এই কথা বলেন।

চরমোনাই পীর বলেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চায়। ২০১৮ সালের ডিসেম্বরে ভোট কারচুপির এক মহোৎসবের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সরকার সকল অভ্যন্তরীণ নির্বাচনেও তার পুনরাবৃত্তি চালাচ্ছে।

তিনি বলেন, ক্ষমতাসীনদের জেনে রাখা উচিত, এদেশের মানুষ ঐতিহাসিকভাবেই বিপ্লবকামী। অধিকার নিয়ে বারবার ছিনিমিনি খেলা হলে এর সমুচিত জবাব দেয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, চলমান পৌর নির্বাচনে শিক্ষার্থীদেরকে মাঠে থেকে সকল ভোটারদের ভোটাধিকার প্রয়োগে ভূমিকা পালন করতে হবে। ভোট চোরদের উচিত শিক্ষা দিতে হবে।

নির্বচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন ভঙ্গুর কমিশনের উদ্দেশ্যে বলছি, সুষ্ঠু ভোট গ্রহণে ব্যর্থ হলে তাদের দায়িত্ব ছেড়ে দিন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর