দক্ষিণ সুনামগঞ্জে ছিন্নমুল বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

৪ শতাধিক শীতবস্ত্র বিতরণের ৩ দিন পর এবার ছিন্নমুল বেদে সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে শীতবস্ত্র পৌঁছে দিলেন দক্ষিণ সুনামগঞ্জ নির্মান শ্রমিক ইউনিয়ন পুঞ্জের নেতৃবৃন্দ।

আজ (শুক্রবার) বিকাল ৫ টায় উপজেলার পাগলা বাজার ব্রিজ সংলগ্ন ২০ টি গৃহহীন ছিন্নমুল বেদে পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

ভিটে-বাড়ি ছাড়া ছিন্নমুল এসব পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন দক্ষিণ সুনামগঞ্জ নির্মান শ্রমিক ইউনিয়ন পুঞ্জের সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক নিকুঞ্জ সুত্রধর, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, নির্বাহী সদস্য আহমদ আলী, নিশি সুত্রধর, সদস্য আলী আহমদ, আরব আলী ও সেলিম মিয়া প্রমুখ।

সংগঠনের সভাপতি রহমত আলী বার্তা বাজারকে বলেন, তীব্র এই শীতে অসহায় ছিন্নমুল এই সম্প্রদায়ের মানুষের দুর্ভোগের বিষয়টি অনুমান করতে পেরে তাদের বাড়িতে ছুটে যাই। তখন তারা তাদের দুর্ভোগের ব্যাপারে আমাদের জানান। ফলে আজ অসহায় এই ২০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র তুলে দিতে পেরে ভালো লাগছে।

শীতবস্ত্র হাতে পেয়ে খুশিতে আত্মহারা ছইল মিয়া ও রাসেল মিয়া বার্তা বাজারকে বলেন, নির্মান শ্রমিক ইউনিয়ন পুঞ্জের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। শুধু এই শীতবস্ত্রের জন্য নয় আমাদের প্রতি তাদের ভালোবাসা দেখে আমরা খুশিতে আত্মহারা। আমরা ভিটে-বাড়ি ছাড়া ছিন্নমুল মানুষ। দীর্ঘ বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছি। এমনকি এই এলাকার ভোটার ও আমরা। তবে সরকারী-বেসরকারী কোনো ধরনের সহায়তা আমরা পাই না। কিন্তু এই সংগঠনের নেতৃবৃন্দ আমাদের কষ্ট বুঝতে পেরে আমাদের বাড়িতে এসেছেন, খোঁজ নিয়েছেন, শীতবস্ত্র তুলে দিয়েছেন এর চেয়ে বড় পাওয়া আমাদের আর কিছু নেই।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর