২০২১ সালে বাংলাদেশ দলের সকল ম্যাচের সূচি

করোনাভাইরাসের কারণে গত বছর মাত্র ৯টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই ৯ ম্যাচের মধ্যে ছিল ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে এ বছর অর্থাৎ ২০২১ সালে খুবই ব্যস্ত সময় পার করবে টাইগাররা।

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী ২০২১ সালে বাংলাদেশের ৫টি হোম ও ৪টি অ্যাওয়ে সিরিজ রয়েছে। এছাড়াও এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে দ্বিপাক্ষিক সিরিজও আয়োজন করতে পারবে।

চলতি মাসেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলবে টাইগাররা।

ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এপ্রিলে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের স্থগিত হওয়া ম্যাচ খেলতে লঙ্কা সফর করবে টাইগাররা। দুইটি টেস্টের পাশাপাশি ওয়ানডে সিরিজ খেলার আলোচনা চলছে।

মে মাসে ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে বাংলাদেশ। জুনে এশিয়া কাপের মিশনে নামবে বাংলাদেশ। জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে যাবে টাইগাররা। তাদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ। সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসবে ইংল্যান্ড।

অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। বছর শেষে দুই ম্যাচের টেস্ট খেলতে নিউজিল্যান্ড যাবে টাইগাররা।

বার্তাবাজার/এস.জি

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর