যশোরের কেশবপুরে ইদ্রিস আলী (১৮) নামে এক ভ্যান চালক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার(১ জানুয়ারি)সকালে মঙ্গলকোট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দক্ষিণ পাশের আজিজুর রহমানের ধানের পাতোর (চারা) খেত থেকে ইদ্রিস আলীর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইদ্রিস আলী কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের শ্রীফলা গ্রামের শাহাবুদ্দিন সরদারের ছেলে।তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিহতের মা ফতেমা বেগম জানান, বৃহস্পতিবার বিকেলে ভাড়া খাটার উদ্দেশ্যে ভান নিয়ে ইদ্রিস আলী বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি।
এলাকাবাসী জানান, শুক্রবার সকালে শ্রমিকরা স্থানীয় জমিতে আলু তুলতে এসে ইদ্রিসের মরদেহটি দেখতে পান। এলাকাবাসী দ্রুত বিষয়টি পুলিশকে জানান। থানার এস আই ফজলে রাব্বি বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নিয়ে যান।
কেশবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি)জসিম উদ্দীন জানান, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি।হত্যার কারণ এখনো জানা যায়নি। যে বা যারাই এই হত্যাকান্ড সংঘটিত করেছে তাদেরকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
বার্তাবাজার/পি