থার্টি ফার্স্টকে ঘিরে সিএমপি’র বাড়তি নিরাপত্তা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। নগরীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর হতে নগরীর বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশিসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সেই সাথে বাড়ানো হয়েছে গোয়েন্দা পুলিশের নজরদারি।

সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বার্তা বাজারকে বলেন, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে যাতে কোন প্রকার বিশৃঙ্খলা ও নাশকতা না ঘটে এজন্য পুলিশের পক্ষ হতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যার পরিপ্রেক্ষিতে সারাদিন নগরীর বিভিন্ন এলাকায় গাড়ি তল্লাশিসহ আবাসিক হোটেল, ক্লাব ও বিনোদন কেন্দ্র সমূহে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সেই সাথে গোয়েন্দা পুলিশও সাদা পোষাকে দায়িত্ব পালন করছে। কোথাও কোন সমস্যা ও বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষনিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর