ডকুমেন্টস ও লিখিত বই না থাকায় মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচারের জবাব দিতে পারছেন না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নৌ যুদ্ধ একাত্তর’ নামের একটি বইইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তানের যুদ্ধ বলে কিছু লোক মিথ্যাচার করছেন। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ডকুমেন্টস ও লিখিত বই না থাকায় এই ভয়াবহ মিথ্যচারের কোনো জবাব দিতে পারছিনা।
ভাগ্যের দোষারোপ করে তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য কিছু সংখ্যক লোক মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তানের যুদ্ধ হিসেবে আখ্যায়িত করতে চেষ্টা করেছে। ইসলামপন্থী দেশগুলোর মগজ এমনভাবে ধোলাই করেছে, আমরা কিছুই করিনি, ভারত এসে পাকিস্তানকে হারিয়ে আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছে। এই মিথ্যাচারের লিখিত কোন জবাব দিতে পারি না।
তিনি আরও বলেন, আমাদের সেই ডকুমেন্টস না থাকার কারণে, লিখিত বই পুস্তক না থাকার কারণে বিশ্ববাসী জানতে পারে না ঘটনাটা কী? এখনও তারা বিশেষ করে মুসলমান দেশ…আমার তো তুর্কির এক মন্ত্রীর সঙ্গে আধঘণ্টা ধরে ঝগড়া হয়েছে। সে বলছে তোমরা পাকিস্তান ভেঙে দিয়েছ, আমি আর কন্ট্রোল করতে পারিনি। বিভিন্ন সময়ে বিভিন্ন দূতাবাসেও ঝগড়াঝাঁটি হয়েছে।
বার্তাবাজার/এসজে