তৃতীয় ধাপে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হবে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করে বেশ কয়েকদিন আগেই।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পৌরসভার মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নবী নেওয়াজ সরকার, বিএনপির মনোনীত প্রার্থী রুবায়েত হোসেন শামীম মন্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে আবুল হাসান মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান মেয়র এবিএম আনিছুজ্জামান ও এম.এ.এ.এস আলম বাবলু।
ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক মিয়া বার্তা বাজারকে জানান, মেয়র পদে ৫ জন, সাধারন কাউন্সিলর পদে ৩৮জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
তিনি বার্তা বাজারকে আরো জানান, তফসীল অনুযায়ী আগামী ৩ জানুয়ারী যাচাই-বাছাই, ১০ জানুয়ারী প্রত্যাহারের শেষ দিন ও ১১ জানুয়ারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ত্রিশাল পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৪টি ভোট কেন্দ্রে আগামী ৩০ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রিশাল পৌরসভায় ১৩১৭০ জন পুরুষ ও ১৩৫১২ জন মহিলা ভোটার রয়েছে।
বার্তাবাজার/এ.আর