প্রশাসনের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত পাবনার পরিবহণ ধর্মঘট স্থগিত

প্রশাসনের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত পাবনার পরিবহণ ধর্মঘট স্থগিত করেছে পাবনা জেলা পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

আজ (বৃহস্পতিবার) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাবনার বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন, পাবনার পরিবহন মালিক, শ্রমিকদের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

পাবনা জেলা পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব এ তথ্য নিশ্চিত করে জানান, বৈঠকে শাহজাদপুরের মালিক পক্ষ না আসায় ঐক্যমতের সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ আগামী সোমবারের মধ্যে দুই পক্ষকে নিয়ে আবারও বৈঠকে বসে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছেন। এ কারণে সোমবার পর্যন্ত পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। তা না হলে আগামী মঙ্গলবার আবারও পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হবে।

উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবনার বাস চালক শ্রমিকদের মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পাবনার সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয় পাবনার পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর