ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দোকান মালিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লাল মিয়া হাওলাদার (৫৫) নামে এক দোকান মালিক নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে এ ঘটনা ঘটে। নিহত লাল মিয়া হাওলাদার দক্ষিণ কালামৃধা গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
সংঘর্ষে গুরুত্বর আহতরা হলেন- কোহেল হাওলাদার, ইব্রাহীম হাওলাদার, বাদল হাওলাদার, সুজন হাওলাদার। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভাড়াটিয়া ফার্নিচার ব্যবসায়ী এছাহাক মোল্যার কাঠ শুকানো নিয়ে পার্শ্ববর্তী দোকান মালিক সুজন হাওলাদের কথা কাটাকাটি হয়। বিকালে বিষয়টি নিয়ে সুজন হাওলাদার ও স্থানীয় ইউপি সদস্য আমির মোড়লের লোকজন এসে ফার্নিচার ব্যবসায়ীর ওপরে হামলা চালায়। খবর পেয়ে ফার্নিচার ব্যবসায়ীর দোকান মালিক সুজন হাওলাদারসহ তাদের লোকজন সেখানে উপস্থিত হয়। সেসময় ব্যবসায়ী ও দোকানমালিকদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বার্তা বাজারকে জানায়, ‘তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত ও একজন দোকান মালিক নিহত হয়। আমরা নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ হতে থানায় মামলার প্রস্তুতি চলছে।’
এ ঘটনার পর এলাকা থমথমে বিরাজ করছে।
বার্তাবাজার/এ.আর