ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন কুঁচকিতে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ ও টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন না ওয়ার্নার।
তবে তৃতীয় টেস্টের দলে জায়গা পেয়েছেন তিনি। প্রথম দুই টেস্টে ওয়ার্নার না থাকায় অস্ট্রেলিয়াকে বেশ ভুগতে হয়েছে। ম্যাথু ওয়েড ও জো বার্নস ওপেনিংয়ে নামলেও বড় স্কোর করতে পারেনি।
যার ফলে ওয়ার্নারকে দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়া। তবে শতভাগ ফিট না হলেও ওয়ার্নারকে তৃতীয় টেস্টে খেলানো হতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
তিনি বলেন, ওয়ার্নার হয়তো শতভাগ ফিট নয়। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছে সে। সে যদি ৯০-৯৫ শতাংশ ফিটও থাকে আর কথা বলে যদি কোচের মনে হয় যে ও নিজের কাজটা করতে পারবে, তবে আমি নিশ্চিত ও দেশের জন্য খেলতে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, মাঠে নামার ব্যাপারে ওয়ার্নার আশাবাদী। এটা আমাদের কাছে দারুণ খবর। ওকে দলে ফিরে পাওয়ার জন্য মুখিয়ে রয়েছি। আমি নিশ্চিত ওয়ার্নার নিজেও দলে ফিরতে পেরে উচ্ছ্বাসিত।
বার্তাবাজার/এস.জি