করোনাভাইরাসের কারণে এ বছরের দীর্ঘ সময় মাঠে গড়ায়নি ক্রিকেট। তবে যতগুলো ম্যাচ হয়েছে তার উপর নির্ভর করে বর্ষসেরা ওয়ানডে একাদশ সাজিয়েছে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
২০২০ সালে ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনা করে এই একাদশ সাজানো হয়েছে। ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ ৬ জন অস্ট্রেলিয়ার ও ৩ জন ভারতের। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের একজন করে আছেন এই একাদশে।
জায়গা পায়নি পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের কোনো ক্রিকেটার। এই একাদশে ওপেনার হিসেবে আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও তারই সতীর্থ ডেভিড ওয়ার্নার।
এ বছর ব্যাট হাতে ৫৬.০৮ গড়ে ফিঞ্চ ৬৭৩ ও ওয়ার্নার ৪২.২৭ গড়ে ৪৬৫ রান করেছেন। এই একাদশের অধিনায়ক ফিঞ্চ। তিনে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৪২.৮৮ গড়ে ৪৩১ রান করেছেন।
কোহলির পরেই আছেন অস্ট্রেলিয়ান তারকা স্মিথ। স্মিথ এ বছর ব্যাট হাতে ৬৩.১১ গড়ে ৫৬৮ রান করেন। এই একাদশে উইকেটরক্ষক হিসেবে আছেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। তিনি এ বছর ব্যাট হাতে ৫৫.৩৭ গড়ে ৪৪৩ রান করেছেন।
৭০.৬০ গড়ে ৩৫৩ রান করা অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল আছেন ছয়ে। একাদশে অলরাউন্ডার হিসেবে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে ৫৫.৭৫ গড়ে ২২৩ রান ও বল হাতে ৬৭.৪২ গড়ে ৭ উইকেট শিকার করেছেন তিনি।
একাদশে একমাত্র স্পিনার হিসেবে আছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি ২৩.৭৪ গড়ে ২৭ উইকেট শিকার করেছেন। একাদশের পেস অ্যাটাকে আছেন ইংল্যান্ডের জোফরা আর্চার, ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড।
আর্চার এ বছর বল হাতে ২১.৫৭ গড়ে ৭ উইকেট শিকার করেছেন। জোসেফ ১৪.৭২ গড়ে ১৮ ও হ্যাজেলউড ৩০.৮১ গড়ে ১৬টি উইকেট নিয়েছেন।
বার্তাবাজার/এস.জি