জয়পুরহাটে চাচিকে কুপিয়ে হত্যা করল ভাতিজা

জয়পুরহাট শহরের খনজনপুর পুর্বপাড়া এলাকায় মাছুমা বেগম (৫২) নামে এক গৃহবধুকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ভাতিজা রাবিকুল হাসান টিটু (৩২)।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাছুমা একই এলাকার সাঈদ আলীর স্ত্রী। এদিকে হত্যাকারী টিটুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। টিটু ওই এলাকারই আবু সুফিয়ানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাঈদ আলীর স্ত্রী মাছুমা বেগমের নিকট থেকে তার দেবরের ছেলে ভাতিজা টিটু কয়েকদিন আগে ৩ হাজার টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফেরত চাইলে কিছু টাকা দিয়েছে আর অবশিষ্ট টাকার জন্য তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। মাছুমা কাপড় শুকানোর সময় হঠাৎ টিটু চাচীকে ধারালো হাসুয়া দিয়ে শরীরের মাথাসহ বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় মাছুমার চিৎকারে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে গ্রামবাসীরা টিটুকে ধাওয়া করে ধরে পুলিশে সোপর্দ করে। তারা আরও জানান, টিটু মাদকাসক্ত ছিল। তার স্ত্রী ও পরিবারের সাথে পরিবারিক কলহ লেগেই থাকতো।

জয়পুরহাট থানার ওসি (তদন্ত) মোঃ হাবিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় টিটুকে আসামী করে হত্যা মামলা হয়েছে। টিটুকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর