সপ্তম দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ আশুলিয়া প্রেসক্লাবে

সৃজনশীল সাংবাদিকতার প্রাণকেন্দ্র আশুলিয়া প্রেসক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩ জানুয়ারি। এই নির্বাচনকে ঘিরে সেখানে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সরেজমিন আশুলিয়া প্রেসক্লাব প্রাঙ্গনে গিয়ে দেখা যায় বিভিন্ন পদের প্রার্থীদের নান্দনিক সব ফেস্টুনে ছেয়ে আছে প্রেসক্লাব অঙ্গন। মোট ১৩টি পদের বিপরীতে ৩২জন প্রার্থীর নানা শ্লোগান সমৃদ্ধ বর্ণীল ফেস্টুনে সাধারণ ভোটারদের নিকট ভোট চাওয়া হয়েছে। আর ভোটাধিকার প্রয়োগ করবেন প্রেসক্লাবের ৫১জন সদস্য।

সভাপতি পদে মোট ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- প্রেসক্লাবের দুইবারের সাবেক সফল সভাপতি সময় টেলিভিশনের ঢাকা জেলার সাব-ব্যুরো প্রধান মোজাফফর হোসাইন জয়, যমুনা টেলিভিশনের সাংবাদিক মাহফুজুর রহমান নিপু এবং বাংলাভিশনের মোছাঃ শেফালি খাতুন মিতু।

আসন্ন নির্বাচন নিয়ে সভাপতি পদপ্রার্থী মোজাফফর হোসাইন জয় জানান, অতীতেও সাংবাদিকদের যেকোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে তাদের পাশে ছিলেন, এই নির্বাচনে বিজয়ী হলে প্রেসক্লাবের সদস্যগণ ছাড়াও এই অঞ্চলের সকল সাংবাদিকদের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াবেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাভিত্তিক মান উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিষয়ভিত্তিক রিপোর্টিংয়ে সম্মাননা প্রদানের ব্যবস্থা সহ সাংবাদিকদের আপদকালীন তহবিলের ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি। বাকী দুই সভাপতি প্রার্থীগণও সাংবাদিকদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক পদের তিন প্রার্থী হলেন- প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক লোকমান হোসেন খোকা চৌধুরী, মোহনা টেলিভিশনের লাইজু আহমেদ এবং এশিয়ান টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান (লিটন)। নির্বাচন সম্পর্কে লোকমান হোসেন খোকা চৌধুরী জানান, তিনি বিজয়ী হতে পারলে প্রেসক্লাব এবং সাংবাদিকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবেন।

সাংগঠনিক সম্পাদক পদের তিন প্রার্থী হলেন- দৈনিক স্বদেশ প্রতিদিনের আশুলিয়া প্রতিনিধি মোঃ সোহেল রানা, ডেইলি অবজারভার পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম এবং দৈনিক সময়ের বাংলা পত্রিকার নিজস্ব প্রতিবেদক আশরাফ হোসেন (কামাল)। আসন্ন নির্বাচন সম্পর্কে মোঃ সোহেল রানা সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠায় এবং দাবী আদায়ের সংগ্রামে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া অপসাংবাদিকতা রোধে কাজ করে সাংবাদিকদের অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনা সহ করোনাকালীন ক্রান্তিলগ্নের মতো সাংবাদিকদের যেকোনো দুঃসময়ে তাদের সহায়তায় আপদকালীন তহবিল তৈরীতে কাজ করবেন বলেও জানান তিনি।

আসন্ন ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল ওহাব জানান, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সুষ্ঠু নির্বাচন পরিচালনায় ইতোমধ্যে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসবমুখর পরিবেশেই আগামী ৩ জানুয়ারী নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য যারা আসবেন তারাও বিধি মেনে তাদের কার্যক্রম সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই সপ্তম দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল ওহাব ছাড়াও আরও দু’জন নির্বাচন কমিশনার রয়েছেন। তারা হলেন- চ্যানেল আই সাংবাদিক জাকির হাসান এবং দৈনিক আজকালের খবর এর সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর