ফরিদপুরের বোয়ালমারীতে ৭০ মন চোরাই পাট জব্দ করেছে থানা পুলিশ। বুধবার রাত ১২টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের বোয়ালমারী হাটখোলা রাস্তার রানীদৌলা গ্রামের গ্রাম পুলিশ মোহাম্মদ হোসেনের বাড়ির সামনে থেকে এসব পাট জব্দ করে পুলিশ।
থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাটগুলো জব্দ করে গ্রাম পুলিশ মোহাম্মদ হোসেনের জিম্মায় রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাটের মালিকের কোন হদিস পাওয়া যায়নি।
গ্রাম পুলিশ মোহাম্মদ হোসেন জানান, তার বাড়ির সামনে বুধবার রাত ৮টার দিকে পাট বোঝায় করা তিন নছিমন দাঁড়ায়। এ সময় নছিমনে থাকা তিনজন পাট ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি করে। কথা বলার শব্দ পেয়ে গ্রাম পুলিশ আগায় গেলে তারা নছিমন রেখে পালিয়ে যায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নছিমনসহ পাটগুলো জব্দ করেন।
এসআই মামুন ইসলাম বলেন, তিন নছিমনে প্রায় ৭০ মন চোরাই পাট জব্দ করে গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে। পরে ওই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। পাটগুলো ইউনিয়ন পরিষদে এনে রাখা হবে। যদি পাটের মালিককে পায় তা হলে মালিককে পাট দিয়ে দেওয়া হবে। আর না পাওয়া গেলে পাটগুলো বিক্রি করে সরকারী কোষাগারে টাকা জমা দেওয়া হবে।
বার্তাবাজার/পি