ফরিদপুরের আলফাডাঙ্গায় এক পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলফাডাঙ্গা উপজেলার কঠুরাকান্দি গ্রামের ওহিদুর রহমান বেড়িরহাট বাজারে রেখা সর্দারের ঘর ভাড়া নিয়ে প্রায় সাড়ে তিনশো মণ পাট ক্রয় করে মজুত রাখেন। আজ সকাল ৯টার দিকে হঠাৎ ওই গুদাম ঘরের টিন শেডের উপরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে বাজারের ব্যবসায়ীরা ওহিদুর রহমানকে খবর দেয়। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী বোয়ালমারী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এবিষয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুজ্জামান খান বার্তা বাজারকে জানান, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’
বার্তাবাজার/পি