যেমন ছিলো নূরদের ২০২০ সাল

দেশের রাজনৈতিক অঙ্গনে সারা বছর আলোচনায় ছিলেন ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের অন্যতম নেতা এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও তার সংগঠন। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামের সংগঠন থেকে এখন তারা শ্রমিক, যুব ও প্রবাসী অধিকার সংরক্ষণ পরিষদ নামে বেশ কয়েকটা সংগঠন পরিচালনা করছে।

গত বছর ডাকসুর ভিপি থাকা অবস্থায় হামলার শিকার হন নূরসহ অন্তত ১৫ জন। হামলাকালে তাদের কম্পিউটার, আসবাবপত্রসহ অনেক কিছু ভাঙচুর করা হয়। এদিকে আলোচিত অপর সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চে ছাত্রলীগ প্রাধান্য পেলেও হামলার দায় স্বীকার করেনি কেউ। চলতি মাসের ২২ ডিসেম্বর সেই হামলার বর্ষপূর্তি করে নুরুল হক নূর ও তার সংগঠন। বর্ষপূর্তি উপলক্ষে তারা শহীদ মিনারের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করে।

চলতি বছরের গোড়ার দিকে রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে সারা দেশ। বিক্ষোভে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি অংশ নেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। কিন্তু বছরের শেষ দিকে তাদের সংগঠনের নেতাদের বিরুদ্ধেই ওঠে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ।

ছবি-সংগৃহীত

সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ন আহবায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের অভিযোগ আনেন। পরে সেই ছাত্রী হাসান আল মামুনকে ধর্ষণ এবং নূরকে ধর্ষণের সহযোগী হিসেবে অভিযুক্ত করে মামলা দায়ের করেন লালবাগ থানায়। এ ঘটনায় করোনাকালে ত্রাণ বিতরণে সীমাবদ্ধ থাকা রাজনৈতিক অঙ্গনে আবারও শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

ছাত্রছাত্রীদের অধিকারের কথা বলে সংগঠন তৈরি করে নোংরা রাজনীতি করা, নারী কেলেঙ্কারি, স্বেচ্ছাচারিতা, আর্থিক অস্বচ্ছতাসহ আরো নানা অভিযোগ ওঠে নুরুল হক নূর ও রাশেদ খাঁনদের বিরুদ্ধে। এসবের অভিযোগ করতে গেলে দেয়া হয় হুমকি-ধুমকি এবং সামজিক যোগাযোগ মাধ্যমে করা হয় হেনস্থা। এমনই অভিযোগ করে তাদেরই সংগঠনের একাংশের নেতৃবৃন্দ, যারা একসময় নূরদের সাথে কোটা সংস্কার আন্দোলন করেছিল। একাংশের এই দলটি নূরদের অবাঞ্চিত ঘোষণা করে নতুন কমিটিও গঠন করে।

এরপর হলুদ সাংবাদিকতার অভিযোগ এনে দেশের বেসরকারি টিভি চ্যানেল ৭১ টিভিকে বয়কটের ডাক দেন নূররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নুরদের দেয়া ডাকে বেশ সাড়াও মিলে। ফেসবুক ইউটিউবে ফলোয়ার কমে যেতে থাকে ৭১ টিভির।

এদিকে ৭১ টিভি বয়কটের ডাক দেয়ার প্রতিবাদে নরুল হক নূরদের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সচেতন সাংবাদিক সমাজ। তারা বলেন এ ধরনের বয়কটের ডাক দেয়া অগণতান্ত্রীক।

ছবি-সংগৃহীত

তারা আরো বলেন, গণমাধ্যম গণতন্ত্রের পক্ষে কথা বলে, গণমাধ্যম মুক্তিযুদ্ধের পক্ষে। আপনি যখন গণমাধ্যমের বিপক্ষে কথা বলেন,বয়কটের ডাক দেন তার মানে আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে।

এদিকে চলতি বছর নুরুল হক নূর জানান, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ সংগঠনটিকে তারা মূল ধারার রাজনৈতিক সংগঠনে রুপান্তরিত করতে চায়। এর জন্য গণচাঁদা আদায়ের সিদ্ধান্ত নেয়। বিভিন্নভাবে পাওয়া চাঁদার টাকায় তারা রাজধানীতে একটি দলীয় কার্যালয়ও প্রতিষ্ঠা করে। আগামী সংসদ নির্বাচনে তাদের দলীয় প্রার্থী দেয়ার আভাসও পাওয়া যাচ্ছে।

এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া ঢাকা-১৮ আসনের উপনির্বাচনেও নূর স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করবে বলে শোনা যাচ্ছিল। যদিও তা আর হয়নি।

বার্তাবাজার/ই.এইচ.এম/এস.জে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর