যশোরের চাঁচড়ার ভাতুড়িয়া নারায়ণপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে চিহ্নিত প্রতিপক্ষরা। আশংকাজনক অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভর্তি করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ঘটনাটি ঘটে। এদিকে, হত্যাচেষ্টা ঘটনায় ওই এলাকার আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, ভাতুড়িয়া নারায়ণপুরের নুরুল ইসলাম ওরফে মোহরার ছেলে ইমরোজ হোসেন দুই বছর আগে খুন হন। ওই ঘটনায় এলাকার এনামুল ইসলামের ছেলে নাজমুলের বিরুদ্ধে মামলা দেয়া হয়। ওই হত্যা মামলায় নাজমুল জেল খেটেও এসেছেন। সম্প্রতি তিনি জামিনে বের হয়েছেন।
বুধবার সকালে নুরু মোহরার ছেলে ইসরাজুলের নেতৃত্বে ভাতুড়িয়া বাজারে হামলা চালায়। এ হামলা চালানো হয় নাজমুল ইসলাম ও তার বড়ভাই আকরামুলকে কুপিয়ে হত্যার চেষ্টায়। তারা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে হাসপাতালে নিয়ে যান।
হত্যা চেষ্টার ঘটনায় সন্ধ্যায় যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন আহতদের মা আকলিমা বেগম।
অভিযুক্তরা হলেন- নুরু মোহরার ও তার ছেলে ইসরাজুল, রফিকুল ইসলামের ছেলে আপন, মমিনুর রহমানের ছেলে ইমন, কবির হোসেন, তার ছেলে রাকিব হোসেন বাবু, রিপনের ছেলে ইমন, মৃত ইউনুস আলীর ছেলে ইকলাস হোসেনসহ অজ্ঞাত আরও ৩/৪ জন। এই হত্যাচেষ্টা ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
যশোর কোতোয়ালি মডেল থানার (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বার্জা বাজারকে জানান, ভূক্তভোগী দুই জনের মায়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা সবাই চিহ্নিত। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দ্রতই জড়িতদের আটক করা হবে।
বার্তাবাজার/এ.আর