তুচ্ছ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা মারলো ডাক্তারকে, আটক ৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুকে টিকা দিতে লাইনে দাঁড়াতে বলায় ডাক্তারকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হাসপাতালের কিছু আসবাবপত্র ভাংচুরেরও ঘটনা ঘটে। সেই সাথে হাসপাতালের একজন নার্স ও অফিস সহকারীকেও মারপিট করা হয়।

অভিযোগে জানা গেছে, বুধবার নগরকান্দা পৌরসভার সাবেক মেয়র প্রয়াত রায়হান উদ্দিন মিয়ার নাতনীকে টিকা দিতে হাসপাতালে নিয়ে আসেন শিশুটির মা। সেখানে ভীড় থাকার কারণে কর্তব্যরত নার্স রেখা খানম তাকে লাইনে দাঁড়াতে বলে। এতে সে রাগান্বিত হয়ে তার ভাইকে ফোন করে হাসপাতালে আনে। ভাই আলামিন মিয়া তার সঙ্গীয় ১০-১২ জন যুবলীগ-ছাত্রলীগের কর্মী নিয়ে হাসপাতালে হামলা চালায়। এ সময় কর্তব্যরত নার্স রেখা খানমকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

পরে বিষয়টি নিয়ে মিমাংসা করার স্বার্থে অফিস কক্ষে উভয়পক্ষ আলোচনায় বসে। কক্ষের মধ্যে আবারও উত্তেজিত হয়ে হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার জ্যোতিময় চৌধুরীকে মারপিট করে। এ সময় অফিস সহকারী ইখলাছ হোসেন ঘটনাটি মোবাইলে ভিডিও ধারন করতে চেষ্টা করলে তার উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে।

সংবাদ পেয়ে নগরকান্দা থানা পুলিশ উপস্থিত হলে হামলাকারীরা কৌশলে পালিয়ে যায়। এ সময় পুলিশ যুবলীগ কর্মী আলামিন মিয়া, আনোয়ার হোসেন ও ছাত্রলীগ কর্মী রুবেল মিয়াকে গ্রেফতার করে। এ ব্যাপারে ডা. জ্যোতিময় চৌধুরী বাদী হয়ে নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ শেখ মো. সোহেল রানা বার্তা বাজারকে বলেন, ‘পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর