নান্দাইলে মুঠোফোন চুরির ঘটনায় হামলা-লুটপাটের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে শেরপুর গ্রামের জালাল উদ্দিন মৌলবীর বাড়িতে এ ঘটনা ঘটে।

মুঠোফোন চুরির পর সাইফুল ইসলামের পুত্র আরমানকে দোষারূপ করা নিয়ে শিশুটির স্বজনরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জালাল উদ্দিনের স্ত্রী দোলেনা বেগম।

বুধবার দোলেনা বেগম অভিযোগ করে বার্তা বাজারকে বলেন, রবিবার তাঁর ঘর থেকে একটি স্মার্টফোন চুরি হয়। চুরির ঘটনাটি তাঁর মেয়েসহ তিনি প্রত্যক্ষ করে পিছু পিছু দৌড়ে গেলেও শিশুকে ধরতে পারেননি। পরদিন তাঁর বড় ছেলে মিজান আরমানকে ধরে বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে ফোনটি সে ফেরত দেওয়া কথা জানায়। ফোন চুরির ঘটনায় শিশুকে দোষারূপ করায় আরমানের স্বজনরা মঙ্গলবার গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালায়। এসময় তাঁরা দুটি ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

প্রতিবেশী নুরুল ইসলাম (৫০) বার্তা বাজারকে বলেন, চিৎকার চেঁচামেচি শুনে লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবার ও গ্রামবাসীদের সাথে কথা বলে জানা গেছে, হামলাকারীদের মধ্যে দুইজন মাদক ব্যবসায়ী ছিলেন।

তাঁরা হচ্ছেন- শেরপুরের দানেশ আলীর পুত্র কামাল মিয়া (৩৫) ও ইসহাক আলীর পুত্র শাফি মিয়া (৩০)। হামলার অভিযোগ সম্পর্কে জানতে শাফি ও কামালের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি।

এই বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, হামলার ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। ক্ষতিগ্রস্থ পক্ষকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর