এম এম কলেজের কর্মচারীদের বেতন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

যশোরের সরকারি এমএম কলেজের সাধারণ কর্মচারীদের বেতন বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে কলেজের পাঁচ হোস্টেলে কর্মরত কর্মচারীরা এ মানববন্ধন করেন।

কলেজের কর্মচারী কল্যাণ তহবিল থেকে বকেয়া চার মাসের বেতন দ্রুত পরিশোধের জন্য কর্তৃপক্ষের প্রতি দাবী উপস্থাপন করেন অংশ গ্রহণকারীরা।

আসাদ হলে কর্মরত আব্দুর রাজ্জাক বার্তা বাজারকে জানান, কলেজের যে পাঁচটি হোস্টেল রয়েছে সেখানে রাঁধুনী হিসেবে কর্মরত কর্মচারীদের গত চারমাস ধরে বেতন বন্ধ রয়েছে। তাদের নিয়োগ অস্থায়ী ভিত্তিতে। কলেজের কর্মচারী কল্যাণ তহবিল থেকে মাস চুক্তিতে তারা বেতন পান। গত চার মাস বেতন বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন এ কর্মীরা।

হামিদা হলের লিপি বেগম, পুরাতন হলের আফজাল হোসেনসহ অন্যান্যরা এ বিষয়ে বার্তা বাজারকে বলেন, বেতন না পাওয়াতে তারা মানবেতর জীবনযাপন করছেন। সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষের মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর